দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর ঐতিহাসিক জয় উদযাপনের সময় রাজধানী মেক্সিকো সিটিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে যখন গোটা দেশ উল্লাসে ফেটে পড়ছিল, তখনই সেই আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকে। বিজয় উদ্যাপনের সময় সৃষ্ট হুড়োহুড়িতে দম বন্ধ হয়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবর অনুযায়ী, ম্যাচ শেষে হাজারো ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভসংলগ্ন হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের মধ্যেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ বছর বয়সী একজন তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তাদের মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে।
তবে, নিউইয়র্ক টাইমস-এর দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। পত্রিকাটি জানিয়েছে, ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটির পাবলিক হেলথ সেক্রেটারিয়েটের বরাত দিয়ে তারা উল্লেখ করেছে যে, কোলোনিয়া জুয়ারেজ এলাকা থেকে ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুইজন নারীসহ মোট তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচ শেষে ফুটতে থাকা আতশবাজির বিকট শব্দে ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে সরে যাওয়ার জন্য মানুষ ছোটাছুটি শুরু করলে সরু রাস্তায় প্রচণ্ড হুড়োহুড়ির সৃষ্টি হয়। এর ফলে অনেকে পদদলিত ও শ্বাসরোধের শিকার হন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে প্রশাসন।




