#আন্তর্জাতিক

প্রবাসের মাটিতে দেশের রাজনীতি নিয়ে মারামারি—আমরা আসলে কী অর্জন করছি?

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার কণ্ঠ
প্রবাসের মাটিতে দেশের রাজনীতি নিয়ে মারামারি—আমরা আসলে কী অর্জন করছি?
আমরা যারা বাংলাদেশ ছেড়ে প্রবাসে স্থায়ী হয়েছি, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যে বসবাস করছি, আমাদের একটি বিষয় গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।
দেশের রাজনীতি নিয়ে আমাদের মতপার্থক্য থাকতেই পারে। কেউ আওয়ামী লীগ সমর্থন করবেন, কেউ বিএনপি, কেউ জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক দল। এটি প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক অধিকার। মতপ্রকাশ, আলোচনা, সমালোচনা ও রাজনৈতিক কর্মকাণ্ডও গণতান্ত্রিক অধিকার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে প্রবাসের মাটিতে আমরা যখন একে অপরের সঙ্গে মারামারি, হুমকি, অপমান ও সংঘর্ষে জড়িয়ে পড়ি, তখন আমাদের লাভটা কোথায়?
আমরা কি ভুলে যাচ্ছি—
আমরা যে দেশে বসবাস করছি, সেই দেশের আইন-কানুন ও সামাজিক শৃঙ্খলা মেনে চলা আমাদের দায়িত্ব।
দেশকে ভালোবাসা মানে দেশের রাজনৈতিক দলকে ভালোবাসা নয়। দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করা এবং ভিন্নমতকে সম্মান করতে শেখা।
রাজনীতি করুন, রাজনৈতিক আলোচনা করুন, প্রয়োজনে
কঠোর সমালোচনা করুন। কিন্তু রাজনীতির কারণে প্রবাসের মাটিতে নিজেদের মধ্যে শত্রুতা, মারামারি কিংবা সহিংসতা তৈরি করা একটা জাতির হিংস্রতার বহিঃপ্রকাশ!
মনে রাখবেন, দলীয় পরিচয়ের আগে আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয়, আমাদের দেশের পরিচয়, আমাদের সম্মান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ অনেক বড়।
একটি প্রশ্ন রেখে গেলাম—
বাংলাদেশের রাজনৈতিক বিরোধের কারণে প্রবাসের মাটিতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে আমরা কি সত্যিই দেশের কোনো উপকার করছি, নাকি নিজেদের কমিউনিটির ঐক্য ও নিজের দেশের সম্মান নষ্ট করছি?
নাকি ভবিষ্যত প্রজন্মের জন্য ইমাইগ্রেশন পলিসি কঠিন করছি?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *