#শিক্ষা

১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস: ঐতিহ্য ও অগ্রযাত্রার প্রতিচ্ছবি

বাংলাদেশের উচ্চশিক্ষা, রাষ্ট্রচিন্তা ও জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় আজ তার ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ দীর্ঘ পথ পরিক্রমায় দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব তৈরি করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

নবাব সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী এবং শেরেবাংলা এ. কে. ফজলুল হকের দীর্ঘ সংগ্রাম ও প্রচেষ্টার ফলস্বরূপ ১৯২১ সালে তিনটি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ১২টি ইনস্টিটিউট, ৫৬টির বেশি গবেষণাকেন্দ্র এবং ৮৪টি বিভাগে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রশাসন, বিচার বিভাগ, কূটনীতি, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, গণমাধ্যম ও রাজনীতিসহ রাষ্ট্রের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও ঢাকা বিশ্ববিদ্যালয় তার অবস্থান ধরে রেখেছে। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে। একই সাথে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে। এছাড়া, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি সামনে রেখে ২০ বছর মেয়াদি ‘ঢাকা ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান (২০২৬-২০৪৬)’ প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন, নৈতিক নেতৃত্ব, গবেষণা উৎকর্ষ, শিক্ষা আধুনিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তনে সমবেত হবেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান এবং সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতাদের স্মরণ করার কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *