জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার অনলাইন ফরম পূরণ আগামী ৫ জুলাই থেকে শুরু হবে। এই কার্যক্রম চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়াও, ২০২০-২০২১ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শুধুমাত্র ‘প্রোমোটেড’ পরীক্ষার্থীরা (যাদের এফ গ্রেড প্রাপ্ত কোর্স রয়েছে) ফরম পূরণ করতে পারবেন। বিশেষ সুযোগ হিসেবে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা ৫ হাজার টাকা অন্তর্ভুক্ত ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের শেষ সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের ৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। কলেজ কর্তৃপক্ষকে ২৯ ও ৩০ জুলাইয়ের মধ্যে ডাটা এন্ট্রি নিশ্চিত করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সময়সীমা ২ আগস্ট থেকে ৩ আগস্ট (বিকাল ৪টা) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার ফি কাঠামো নিম্নরূপ: তত্ত্বীয় (প্রতি পূর্ণ পত্র) ৩০০ টাকা, তত্ত্বীয় (প্রতি অর্ধ পত্র) ২৫০ টাকা, ব্যবহারিক (প্রতি পত্র) ২৫০ টাকা, ইনকোর্স ফি (প্রতি পরীক্ষার্থী) ৪৫০ টাকা, তত্ত্বীয় কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং গ্রেড উন্নয়ন ফি ৬০০ টাকা।
শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (ems.nu.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে প্রয়োজনীয় ফিসহ নিজ নিজ কলেজে জমা দিতে হবে। অনার্স ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য মোট কোর্সের ন্যূনতম ৫০ শতাংশ কোর্সে উত্তীর্ণ হওয়া আবশ্যক। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।




