#আন্তর্জাতিক

চীনের শিল্প খাতে মুনাফা বৃদ্ধির গতি শ্লথ: অভ্যন্তরীণ চাহিদা দুর্বলতা বড় চ্যালেঞ্জ

টানা কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী থাকার পর চীনের শিল্প খাতে মুনাফা বৃদ্ধির গতি কমেছে। মে মাসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শক্তিশালী রপ্তানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) উন্নতি সত্ত্বেও দেশের দুর্বল অভ্যন্তরীণ চাহিদা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফায় চাপ সৃষ্টি করছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রবৃদ্ধি এপ্রিল মাসের ২৪.৭ শতাংশের চেয়ে কম। চলতি বছরের প্রথম পাঁচ মাসে শিল্পখাতের মোট মুনাফা বেড়েছে ১৮.৮ শতাংশ, যা ব্লুমবার্গ ইকোনমিকসের ১৯ শতাংশ পূর্বাভাসের চেয়ে সামান্য কম।

বিশ্লেষকরা এই ধীরগতিকে কিছুটা অপ্রত্যাশিত বলছেন। কারণ, টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলা কারখানা পর্যায়ের মূল্যপতনের অবসান ঘটেছিল চলতি বছরের মার্চে। মে মাসে উৎপাদক মূল্যসূচক ২০২২ সালের পর সর্বোচ্চ হারে বৃদ্ধি পায়। একই সময়ে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে চীনের উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পপণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় কাঁচামালের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। এনবিএসের তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে শিল্পখাতের মোট মুনাফা বৃদ্ধিতে কাঁচামালভিত্তিক উৎপাদনশিল্প ১০.২ শতাংশ পয়েন্ট, উচ্চপ্রযুক্তি উৎপাদনশিল্প ৮ শতাংশ পয়েন্ট এবং যন্ত্রপাতি উৎপাদনশিল্প ৫.২ শতাংশ পয়েন্ট অবদান রেখেছে। বৈশ্বিক এআই বিপ্লব ইলেকট্রনিকস শিল্পের পাশাপাশি অ্যালুমিনিয়াম ও তামাসহ নন-ফেরাস ধাতু খাতের মুনাফা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে সাম্প্রতিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, দেশের অভ্যন্তরীণ বিনিয়োগে স্থবিরতা এবং ভোক্তা ব্যয়ের দুর্বলতা এখনো শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ফলে রপ্তানি ও প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব অর্থনীতির সামগ্রিক চিত্রে প্রত্যাশিত মাত্রায় প্রতিফলিত হচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, মুনাফা বৃদ্ধির বর্তমান হার মূল্যায়নের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, গত বছরের একই সময়ে শিল্পখাতের মুনাফা ৯.১ শতাংশ কমে যাওয়ায় এবার তুলনামূলকভাবে প্রবৃদ্ধির হার বেশি দেখাচ্ছে (বেস ইফেক্ট)। চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের শিল্পখাতের মোট মুনাফা দাঁড়িয়েছে ৩.১৪ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪৬২ বিলিয়ন মার্কিন ডলার)। তবে এই অঙ্ক এখনো ২০২২ সালের একই সময়ের মুনাফার তুলনায় কম।

এনবিএসের বিশ্লেষক ইউ ওয়েইনিং এক বিবৃতিতে বলেন, “দেশের অভ্যন্তরে শক্তিশালী উৎপাদন সক্ষমতার বিপরীতে দুর্বল চাহিদার সমস্যা এখনো রয়ে গেছে। ফলে কয়েকটি শিল্পখাত এখনো উল্লেখযোগ্য চাপ ও চ্যালেঞ্জের মুখে রয়েছে।”