#জাতীয়

আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি হলো সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বিচার বিভাগ, আইনজীবী এবং আইন বিষয়ক সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ল’ রিপোর্টার্সদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও, সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতে তাদের অবদান অনস্বীকার্য।

তিনি ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সাথে, অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেন।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে উপস্থিত ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *