#ইসলাম

স্বপ্নে মৃত্যু দেখা: ইসলাম কী বলে?

ঘুম মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে স্বপ্ন এক রহস্যময় অধ্যায়। কখনো স্বপ্ন আনন্দ নিয়ে আসে, আবার কখনো ভয় ও উদ্বেগের কারণ হয়। বিশেষ করে স্বপ্নে নিজের বা প্রিয়জনের মৃত্যু দেখলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং একে বাস্তব মৃত্যুর পূর্বাভাস মনে করেন। তবে ইসলাম এই বিষয়ে ভিন্ন শিক্ষা দেয়।

স্বপ্নের প্রকারভেদ ও ইসলামিক দৃষ্টিভঙ্গি

ইসলাম অনুযায়ী, সব স্বপ্নই ভবিষ্যতের ইঙ্গিত নয়। স্বপ্নের প্রকৃতি, ব্যক্তির অবস্থা এবং আল্লাহর ইচ্ছার ওপর এর অর্থ নির্ভর করে। রাসুলুল্লাহ (সা.) স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছেন:

  1. আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ: এটি ভালো ও ইতিবাচক স্বপ্ন।
  2. শয়তানের পক্ষ থেকে দুঃখ ও ভীতি: শয়তান মানুষকে ভয় দেখাতে বা কষ্ট দিতে এমন স্বপ্ন দেখায়।
  3. নিজের মনের চিন্তা-ভাবনার প্রতিফলন: দিনের বেলায় যা নিয়ে চিন্তা করা হয়, তা স্বপ্নে চলে আসতে পারে।

সুতরাং, কোনো স্বপ্ন দেখেই নিশ্চিতভাবে ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ইসলামের শিক্ষা নয়। বরং স্বপ্ন দেখে ভীত না হয়ে আত্মপর্যালোচনা, তাওবা এবং পরকালের প্রস্তুতির দিকে মনোযোগী হওয়া উচিত।

স্বপ্নে নিজের মৃত্যু দেখার সম্ভাব্য ব্যাখ্যা

প্রাচীন মুসলিম স্বপ্ন-ব্যাখ্যাকারী ইমাম ইবনে সিরিন (রহ.)-এর মতে, স্বপ্নে নিজেকে মৃত দেখে আবার জীবিত হতে দেখলে তা গুনাহ থেকে আন্তরিক তাওবার ইঙ্গিত হতে পারে। যদি কেউ অসুস্থ না হয়েও নিজের মৃত্যু দেখেন, তবে এটি দীর্ঘায়ুর প্রতীক হতে পারে। আবার, স্বপ্নে নিজেকে অমর মনে করলে, কোনো কোনো ব্যাখ্যায় এটিকে আল্লাহর পথে শহীদ হওয়ার সম্ভাব্য সুসংবাদ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব ব্যাখ্যা কেবল মনীষীদের অভিজ্ঞতালব্ধ সম্ভাব্য ধারণা, কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

মৃত হয়ে পুনরায় মারা যেতে দেখা

যদি কেউ স্বপ্নে মৃত হয়ে আবার মৃত্যুবরণ করেন এবং সেখানে কোনো কান্না বা আহাজারি না থাকে, তাহলে কিছু ব্যাখ্যায় এটিকে পরিবারের আনন্দ, বিয়ে বা কোনো শুভ ঘটনার প্রতীক হিসেবে দেখা হয়।

জানাজা, কাফন ও দাফন দেখার ব্যাখ্যা

স্বপ্নে নিজের জানাজা, কাফন বা দাফন দেখারও বিভিন্ন সম্ভাব্য অর্থ রয়েছে:

  • এটি দ্বীনি দুর্বলতার প্রতি সতর্কবার্তা হতে পারে।
  • জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে।
  • সামাজিক অবস্থান বা পারিবারিক পরিস্থিতির পরিবর্তনের প্রতীক হতে পারে।

মনে রাখা জরুরি, একই স্বপ্ন সবার জন্য একই অর্থ বহন করে না।

পরিচিত কারও মৃত্যু দেখলে

স্বপ্নে স্ত্রী, সন্তান, আত্মীয় বা পরিচিত কারও মৃত্যু দেখলে তা বাস্তব মৃত্যুর সংবাদ—এমন ধারণা করা ঠিক নয়। ব্যক্তির অবস্থা, স্বপ্নের পরিবেশ এবং অন্যান্য আলামতের ভিত্তিতে এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে।

করণীয়

স্বপ্নে মৃত্যু দেখা ভয়ের কারণ নয়, বরং এটি আত্মপর্যালোচনা ও পরকালের প্রস্তুতির একটি উপলক্ষ হতে পারে। একজন মুমিনের বিশ্বাস স্বপ্নের ওপর নয়, আল্লাহর তাকদিরের ওপর প্রতিষ্ঠিত। তাই কোনো অশুভ স্বপ্ন দেখে আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, বেশি বেশি ইস্তিগফার করা, নেক আমল বৃদ্ধি করা এবং মৃত্যুর আগেই পরকালের পাথেয় সংগ্রহে মনোযোগী হওয়া উচিত। কারণ প্রকৃত সফলতা স্বপ্নের ব্যাখ্যায় নয়, বরং ঈমান, তাকওয়া ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিহিত।

তথ্যসূত্র: ইবনে সিরিন, তফসিরুল আহলাম: ৭৩-৭৪, আল-মাকতাবাতুত তাওফিকিয়্যাহ, কায়রো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *