#রাজনীতি

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নতুন কর্মসূচির ঘোষণা দেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।

কর্মসূচির অংশ হিসেবে, গত বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

আসন্ন কর্মসূচিগুলোর বিস্তারিত:

  • ১৫ জুলাই (বুধবার): টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
  • ১৬ জুলাই (বৃহস্পতিবার): চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ আয়োজিত হবে, যেখানে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
  • ১৮ জুলাই (শনিবার): ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি পালিত হবে।
  • ২০ জুলাই (সোমবার): গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
  • ২১ জুলাই (মঙ্গলবার): ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক আয়োজিত হবে।
  • ২২ জুলাই (বুধবার): জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
  • ২৪ ও ২৫ জুলাই (শুক্র ও শনিবার): জুলাই-আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ সকল শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেবেন।
  • ৩ আগস্ট (সোমবার): জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *