জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি দলের সদস্যদের বক্তব্যের তীব্র সমালোচনা করে ঐক্যের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৯ জুন) সংসদীয় কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, কিছু বক্তা প্রথমে কঠোর সমালোচনা করে ‘কুচি কুচি করে কাটার’ পর আবার ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার কথা বলেন। এই ধরনের দ্বৈত আচরণ পরিহার করে গঠনমূলক পরিবেশ তৈরির ওপর তিনি জোর দেন।
সংসদকে একটি যানবাহনের সঙ্গে তুলনা করে ডা. শফিকুর রহমান বলেন, একটি গাড়ি যেমন দুটি টায়ার ছাড়া চলতে পারে না, তেমনি সংসদও সরকারি দল ও বিরোধী দল—এই দুটি টায়ার ছাড়া অকার্যকর। যেকোনো একটি টায়ার অকেজো হলে পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। তিনি উভয় দলকে সতর্ক থাকার এবং একে অপরের কার্যকারিতা নষ্ট না করার আহ্বান জানান, কারণ একটি টায়ারে পিন বা পেরেক মারলে অন্যটিও অচল হয়ে পড়বে।
সংসদ সদস্যদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়ে জামায়াত আমির উল্লেখ করেন, সীমাহীন ত্যাগের বিনিময়ে এই সংসদ গঠিত হয়েছে এবং এটি মজলুম জনগণের প্রতিনিধিত্ব করে। তাই সংসদ এমন কোনো আচরণ করবে না, যা দেশবাসীকে আহত করে। বরং সংসদকে দায়িত্বশীল ভূমিকা পালন করে জাতিকে স্বপ্ন দেখানো, জাগিয়ে তোলা, ঐক্যবদ্ধ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এই সংসদে ব্যক্তিকে তোষামোদ করে গান, কবিতা বা স্বপ্নবিলাস করা উচিত নয়। নবীন সংসদ সদস্যরা প্রবীণদের কাছ থেকে ভালো কিছু শিখতে চান, মন্দ কিছু নয়।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।




