৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগের ফল আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি জানান, ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া আইন অনুযায়ী স্বচ্ছভাবে সম্পন্ন হয়নি। এই প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে বলে আদালত মন্তব্য করেছেন।
ব্যারিস্টার পল্লব আরও বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে, আগামী ৬০ দিনের মধ্যে এই নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছভাবে এবং মেধা তালিকা প্রকাশ করে সম্পন্ন করতে হবে।
এর আগে, ৪৫৫ জন বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন।




