#জাতীয় #বাংলাদেশ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ইন্তেকাল

বাংলার কন্ঠঃ নিজস্ব প্রতিবেদক

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ইন্তেকাল

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নূরল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন—
“আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।”

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। ওইদিনই নরসিংদীর একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরও আগে, গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।