#খেলা #বাংলাদেশ #বিনোদন

সরাইলে হাজারো দর্শকের উচ্ছ্বাসে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা

– ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, রাবেয়া কবির

রঙিন ঘোড়া, দর্শকদের করতালি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে হাজার হাজার মানুষ মাঠে জড়ো হন। ঘোড়ার টগবগ দৌড়, দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গতকাল শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোড়াহাটি-বন্দেরহাটি গ্রামের উন্মুক্ত মাঠে। এতে বিভিন্ন জেলা থেকে ২১টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় তীব্র লড়াইয়ের মাধ্যমে ‘বড় ঘোড়া’ বিভাগে বিজয়ী হয় টাঙ্গাইলের নীলয়বাদশা, শাহবাজপুরের আমান উল্লাহর ঘোড়া এবং শাহবাজপুর কাপাসিয়ার ইব্রাহীমের ঘোড়া। আর ‘ছোট ঘোড়া’ বিভাগে বিজয়ী হয় শাহবাজপুর কাপাসিয়ার রতনের ঘোড়া, টাঙ্গাইলের বিনয়-এর ঘোড়া ও চুনারুঘাটের শুভর ঘোড়া। পরে অতিথিবৃন্দ বিজয়ী ঘোড়া মালিকদের হাতে ফ্রিজ, টেলিভিশন ও মোবাইল সেট তুলে দেন।

ঘোড়দৌড় দেখতে আসা দর্শক আলম বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে সত্যিই খুব ভালো লাগছে। এত মানুষের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এই প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যের কথা মনে পড়ে গেল। এমন আয়োজন প্রতিবছর হলে খুবই ভালো হয়।’

ঘোড়া মালিক সালমান মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। শারীরিকভাবে যতদিন সক্ষম থাকবেন, ততদিন তিনি এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে চান।

আয়োজকরা জানান, গ্রামবাংলার লোকজ ঐতিহ্য ধরে রাখতেই এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া, চুনারুঘাট, কুলিয়ারচর, লাখাই, মাধবপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে ঘোড়া অংশ নেয়। প্রায় বিশ হাজার দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আরিজ মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সরাইলে হাজারো দর্শকের উচ্ছ্বাসে জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা

১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার পর কোনো